সিলেটে এক প্রতিবন্ধী নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল মঙ্গলবার সিলেট নগরের আম্বরখানা এলাকার লোহারপাড়ার একটি বাসা থেকে তাদের তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে তিনি আসেন। সোমবার রাতে সিলেটের শাহপরাণ (রহ.) মাজার এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে সিএনজি অটোরিকশায় লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা কয়েকজন ব্যক্তি এবং সিএনজি অটোরিকশাচালক মিলে ভুক্তভোগীকে ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র্যাবকে খবর দেন। পরে র্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। অভিযানে একটি সিএনজি অটোরিকশা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয় বলে জানায় র্যাব-৯। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি র্যাব।
র্যাব ৯-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন সিএনজি অটোরিকশাচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রটিকে আটকের চেষ্টা চলছে।
