বহুল আলোচিত ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়ে গতকাল বুধবার এ প্রজ্ঞাপন জারি হয়। উত্তীর্ণদের আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
দুই দশক আগে বিএনপি-জামায়াতসহ চার দলীয় জোট সরকারের শেষ সময়ে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হন। তবে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরে একই বছরের জুলাই মাসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার ফল প্রকাশে উত্তীর্ণ ৩ হাজার ২২৯ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এ পরীক্ষার ফল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন প্রার্থীরা। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায় আসে বঞ্চিতদের পক্ষে। আপিল বিভাগ বাদ পড়া ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দেয়। এর ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হলো।
