মহাখালীতে অবৈধ পার্কিংয়ের দায়ে মামলা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৬ এএম

রাজধানীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে মহাখালী এলাকায় এ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মূল সড়কসহ আশপাশে এই অভিযান চালানো হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান এবং গুলশান ট্রাফিকের ডিসি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এই অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, মহাখালীর মূল সড়কে বাস ও ট্রাক প্রায় সময়ে পার্কিং করে রাখা হয়। এতে বনানী ও বিমানবন্দর পর্যন্ত যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছিল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, রাস্তায় গাড়ি রাখা অপরাধ। বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্যাগুলো আমরা শুনেছি। যেগুলো ইমিডিয়েট সমাধান সম্ভব সেগুলো আমরা তাদের সমাধান করতে বলেছি। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং ও দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে এআই ক্যামেরা বসানো হবে।

এদিকে পরিবহন শ্রমিকরা বলেন, টার্মিনালে জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে গাড়ি রাখছেন তারা। তবে এ রুটের যাত্রীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত