পবিপ্রবিতে লাগাতার কর্মবিরতি

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪০ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসিবিরোধী আন্দোলনে গত সোমবার শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তারা জানান, হামলা ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ড. মো. আতিকুর রহমান ও ড. এবিএম সাইফুল্লাহসহ অন্যরা। এ সময় ডিন কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অনুষ্ঠিত জরুরি বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষক নেতা ড. মো. আতিকুর রহমান। সিদ্ধান্ত অনুযায়ী, গত সোমবার শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ১৭ মে থেকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন সেমিস্টারের ক্লাস, ক্লাসপরীক্ষাসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বর্জন করে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।

এদিকে আন্দোলনকারীরা উপাচার্যের অফিস, বাসভবন, রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ায় প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত