ডিস ব্যবসার দ্বন্দ্বে নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:০১ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর চাষাড়া চাঁদমারি এলাকায় ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে নাসির (৫৫) নামে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে ১টার দিকে চাঁদমারিতে তার ডিস ব্যবসার অফিসে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মো. নাসির হোসেন চাঁদমারি এলাকার সাফাজউদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নাসিরকে কুপিয়ে জখম করা হয়। এ সময় হামলাকারীদের একজন দৌড়ে পালানোর সময় পাশের একটি বাড়িতে ছুরি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নাসির ছিলেন হাসিখুশি স্বভাবের মানুষ। তিনি শিশুদের খুব আদর করতেন। এমন একজন মানুষকে কেউ হত্যা করতে পারে—এটা তারা মেনে নিতে পারছেন না।

নিহতের ছোট ভাই জাকির হোসেন জানান, ঘটনার সময় তিনি বাসায় যাওয়ার পথে ভাইকে এক নারীর সঙ্গে কথা বলতে দেখেন। কিছুক্ষণ পরই জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তারা তার মৃত্যুর খবর পান।

নিহতের স্ত্রী সায়মা বেগম অভিযোগ করে বলেন, ডিস ব্যবসার পার্টনার আব্দুস সালাম বাবুর সঙ্গে তার স্বামীর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নাসিরের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিশ্চিত হওয়ার জন্য ইসিজি পরীক্ষা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত