বলিউডে ‘ধক ধক গার্ল’ হিসেবে পরিচিত মাধুরী দীক্ষিত নেনের জন্মদিন আজ। এই অভিনেত্রী আজ স্পর্শ করলেন জীবনের ষাটতম বসন্ত। কিন্তু ষাট বছরেও যেন লাস্যময়ী হয়ে জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। তার সেই বিখ্যাত হাসিতে এখনো যেন মুক্তা ঝরে। ১৯৬৭ সালের ১৫ মে মহারাষ্ট্রে মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লাস্যময়ী এই তারকা। তার বাবার নাম শঙ্কর দীক্ষিত ও মা স্নেহলতা দীক্ষিত। তাদের পরিবার মুম্বাই শহরের আদি বাসিন্দা। ১৯৮৪ সালে নাট্যধর্মী সিনেমা ‘অবোধ’-এর হাত ধরে বলিউডে অভিষেক হয় মাধুরীর। পড়াশোনার পাট চুকিয়ে সম্পূর্ণভাবে অভিনয়ে মনোনিবেশ করেন মাধুরী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি ভাবছিলেন নতুন কী করা যেতে পারে। এরই মাঝে রাজশ্রী প্রোডাকশনের ‘অবোধ’ সিনেমার জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল। আর সেখানেই সুযোগটা পেয়ে যান তিনি।
ব্যক্তিগত জীবনে মাধুরীর স্বামী শ্রীরাম নেনে পেশায় একজন চিকিৎসক। স্বামীর কর্মসূত্রেই দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন অভিনেত্রী। সেই সময় সম্পূর্ণ সংসারেই মনোনিবেশ করেছিলেন তিনি। দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের নাম অরিন ও রায়ান। মাধুরী দীক্ষিত তার অভিনয় ক্যারিয়ারে ৬টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০০৮ সালে তাকে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতেও সম্মানিত করা হয়।
