স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ভাইকে কুপিয়ে ‘হত্যা’

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

নারায়ণগঞ্জ সদরে ফতুল্লায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই। শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. মোহন (৩২) ও অভিযুক্ত উজ্জ্বল (৩৪) নিহতের বড় ভাই। তারা ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিলপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

প্রতিবেশীরা জানান, উজ্জল মাদকাসক্ত ছিল। এজন্য পরিবারের কেউ তার সঙ্গে বেশি কথা বলতেন না। অনেকটা অবহেলা করতেন। তার ছোট ভাই গার্মেন্টসে ভালো বেতনে কাজ করতেন। পরিবারের সবার মত উজ্জলের স্ত্রীও মোহনকে গুরুত্ব দিত । এবিষয়টি উজ্জল তার স্ত্রীর সঙ্গে মোহনের পরকীয়া প্রেম বলে সন্দেহ করতো। 

নিহত ও অভিযুক্তের বাবা বাবুল মিয়া জানান,শুক্রবার ফজর নামাজ পড়ে বাড়ির কাছে চায়ের দোকানে বসে ছিলাম। ওইসময় দেখি বড় ছেলে উজ্জল বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন বাড়ি গিয়ে দেখি ছোট ছেলে মোহনের রক্তাক্ত নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে ঘুমন্ত মোহনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিছুই তিনি জানেন না। তবে নেশা করার কারনে পরিবারের সবাই উজ্জলকে চাপের মধ্যে রাখতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত