ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় গতি ফেরাতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৪৯ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আটকে থাকা শান্তি আলোচনায় সহায়তা করার লক্ষ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (১৬ মে) দুই দিনের সরকারি সফরে তিনি ইরানে পৌঁছান বলে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও আলোচনার পরিবেশ তৈরিতে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে।

তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। এছাড়া এর কিছুদিন আগেই পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেন। 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটন থেকে বার্তা এসেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনায় ফেরার আগ্রহ দেখাচ্ছে।

অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রস্তাব গ্রহণ করতে হবে, নতুবা ব্যর্থতার মুখে পড়বে। তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাখ্যাত পাল্টা প্রস্তাবের পর যুদ্ধবিরতি এখন 'টিকে থাকার লড়াইয়ে' রয়েছে।

তার ভাষায়, 'ইরানি জনগণের অধিকার নিশ্চিত করার ১৪ দফা প্রস্তাব ছাড়া অন্য কোনো পথ নেই। অন্য যেকোনো পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থতায় শেষ হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত