সেন্টমার্টিন উপকূলে ২,৪০০ বস্তা সিমেন্টসহ পাচারচক্রের ৩৩ সদস্য আটক

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মিয়ানমারে পাচারকালে তিনটি মাছ ধরার ট্রলার থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারিকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (১৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মিয়ানমারে চোরাইপণ্যের বড় একটি চালান পাচারের খবরে শনিবার (১৬ মে) দিনব্যাপী সেন্টমার্টিন সংলগ্ন সাগরপথে চোরাচালান রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথদল অভিযান চালায়। এক পর্যায়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগর এলাকায় সন্দেহজনক ৩টি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারগুলো দ্রুত চালিয়ে পাচারের চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারগুলো জব্দ করতে সক্ষম হয়। 

পরে ট্রলারগুলো তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং পাচারে জড়িত ৩৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা সিমেন্টগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। 

আটককৃতদের প্রাথমিক স্বীকারোক্তির বরাতে কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, জব্দ করা ট্রলার ৩টির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা হতে সিমেন্ট বোঝাই করে সাগরপথে মিয়ানমার পাচার করছিল। আর উদ্ধার করা সিমেন্টগুলো মিয়ানমারের আরাকান রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের কাছে সরবরাহের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত