নীলফামারীতে রেল লাইনের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর সদরের খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। এদিকে এঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে।
জানা যায়, সকাল ৮টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর গাছের ডাল পরে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনামুখে যাত্রী নিয়ে ছেড়ে যায়।
খুলনাগামী রূপসা এক্সপ্রেসের যাত্রী আসাদুল ইসলাম জানান, সকাল থেকে ডোমার স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। জানতে পারি রকেট মেইল ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রূপসা ট্রেনটি সৈয়দপুরে রয়েছে। পরে বাসে করে সৈয়দপুর রেলস্টেশনে এসে ট্রেন ধরেছি।
এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তিনি জানান।
সাবেক প্রতিমন্ত্রী সিনহার মৃত্যুতে স্পিকারের শোক