অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। গত এক সপ্তাহে অভিযানে ১১ হাজার ২৭২ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্মকর্তারা জানান, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সরকারি সংস্থার যৌথ অভিযানে গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত সময়ে ৯ হাজার ৫৭৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন বাসস্থানসংক্রান্ত নিয়ম লঙ্ঘন, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ১ হাজার ৩৯২ জন শ্রমসংক্রান্ত অপরাধে অভিযুক্ত হয়েছেন।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। অধিকাংশ আটকই ইয়েমেনি নাগরিক। এছাড়া কয়েকজন ইথিওপিয়ান ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাসিতদের পাশাপাশি সাড়ে ১৩ হাজারের বেশি লোককে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বাকিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, অভিযানের অংশ হিসেবে ২৬ হাজারের বেশি প্রবাসী এখনো আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অনুপ্রবেশ বা অবৈধ অবস্থানে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এসব কাজে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
