পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার ৫ প্রকল্প

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:১৬ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া ও সোলার প্ল্যান্ট সংলগ্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ও যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে আগামীকাল (১৮ মে) থেকেই নির্ধারিত স্থানে প্রটেকটিভ জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে। শুধু নদীভাঙন রোধে ৫টি প্রকল্পে অন্তত ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ভাঙনকবলিত এলাকার মানুষ যাতে দ্রুত সুরক্ষা পায়, সে লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

রবিবার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রামের নদী ভাঙ্গণ কবলিত কয়েকটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের

প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, মানিকগঞ্জ জেলার ৩৭টি খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছেন। বর্ষা মৌসুম শেষে

পর্যায়ক্রমে সেই খাল খননের কাজ শুরু হবে। পাশাপাশি বৈদেশিক সহায়তায় আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ-টাঙ্গাইল এলাকায় প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন কাজ শুরু করা হবে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনে এমপি মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, শিবালয় ইউএনও মনিষা রানী কর্মকারসহ দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত