রাশিয়ায় রাতভর সাড়ে পাঁচ শতাধিক ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে অন্তত ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ টেলিগ্রামে এক পোস্টে জানান, একটি বাড়িতে ড্রোনের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আরও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি আরও জানান, রাতের এই হামলায় আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
গভর্নর বলেন, রাত ৩টা থেকে রাজধানীর আশপাশে বিশাল এক ড্রোন আক্রমণ ঠেকিয়ে যাচ্ছে প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার এক হামলায় ২৪ জন নিহত হওয়ার একদিন পর শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। স্থানীয় কর্র্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কোর ভেতরেই রাতভর অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করেছে। গত মঙ্গলবার বন্দি বিনিময় এবং তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে মস্কো ও কিয়েভ একে অন্যের ওপর পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে।
