বাংলাদেশের প্রেক্ষাপটে পর্বতারোহণ বিভিন্ন দিক থেকে দুর্গম, দুরূহ ও ব্যয়বহুল। ফলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের তরুণীরা পিছিয়ে পড়ছে অনেকখানি। আর এই ব্যবধান দূর করার লক্ষ্যে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী প্রতি বছর আয়োজন করে থাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ ‘ট্রেক উইথ নিশাত’। সম্প্রতি ২০২৬ সালের ‘ট্রেক উইথ নিশাত’ আয়োজনের জন্য আগ্রহী তরুণীদের থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত।
এই আয়োজনে ১৮ থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশি উদ্যমী তরুণীরা অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ী তরুণী অভিযাত্রী সুযোগ পাবেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের সঙ্গে অভিযানে অংশ নেওয়ার। মূলত বাংলাদেশের তরুণীদের মনে অভিযাত্রা শুরুর অনুপ্রেরণা দানই এই আয়োজনের উদ্দেশ্য।
অভিযাত্রী’র এই অভিযানে নির্বাচিত হওয়ার জন্য যেতে হবে বেশ কিছু যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কারণ, পাহাড় কিংবা পর্বতে যাওয়ার জন্য চাই পর্যাপ্ত শারীরিক ও মানসিক সক্ষমতা। আর এই সক্ষমতা যাচাই ও চূড়ান্ত মনোনয়নের জন্য আগ্রহীদের বেশ কয়েক ধাপে বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
প্রথম ধাপ : প্রথম ধাপটি খুব সহজেই আগ্রহীরা অতিক্রম করতে পারবেন। অভিযাত্রী গ্রুপে দেওয়া গুগল ফর্মটি পূরণ করতে হবে। আর কেন আপনি ট্রেকিং/পর্বতারোহণে আগ্রহী এবং এই অভিযানের উপযোগিতা বিষয়ে আপনার ভাবনা কী তা নিয়ে একটি ভিডিও ধারণ করে সেটি পোস্ট করতে হবে অভিযাত্রী ফেসবুক গ্রুপে।
দ্বিতীয় ধাপ : এরপরের ধাপ হলো মুখোমুখি সাক্ষাৎকার পর্ব।
তৃতীয় ধাপ : সাক্ষাৎকার পর্বে উত্তীর্ণরা শারীরিক সক্ষমতা তৈরিকরণ প্রশিক্ষণে আমন্ত্রণ পাবেন।
চতুর্থ ধাপ : প্রশিক্ষণ গ্রহণ শেষে পরের ধাপে শারীরিক, মানসিক ও দলগত কাজের সমন্বিত সক্ষমতা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপ : শারীরিক, মানসিক ও দলগত কাজের সমন্বিত সক্ষমতা যাচাই পরীক্ষার পরে অনুষ্ঠিত হবে প্যানেল ইন্টারভিউ।
ষষ্ঠ ধাপ : সর্বশেষ ধাপে থাকবে লিখিত পরীক্ষা।
সকল ধাপ সফলভাবে সম্পন্নকারী ১ বছরের মেন্টরশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হবেন। ১ বছর মেয়াদি মেন্টরশিপ প্রোগ্রাম যথাযথভাবে সম্পন্নকারী নিশাত মজুমদারের সঙ্গে হিমালয়ের একটি ট্রেইলে ট্রেক করার সুযোগ পাবেন।
অভিযাত্রী সংগঠনের ফেসবুক গ্রুপে দেওয়া ঘোষণায় আরও জানানো হয়েছে যে, পুরো আয়োজনটি স্পন্সরের ওপর নির্ভরশীল বলে আর্থিক পৃষ্ঠপোষক না পেলে প্রক্রিয়াটি সম্পন্ন হতে বিলম্ব হতে পারে। এই আয়োজন চলাকালে অংশগ্রহণকারী অনাকাক্সিক্ষত কোনো ক্ষতির সম্মুখীন হলে, অভিযাত্রী তার দায় বহনে অপারগ। ঘোষণায় অভিযাত্রী অঙ্গীকার করেছে যে, অংশগ্রহণকারী প্রদত্ত ব্যক্তিগত তথ্যসমূহ এই আয়োজন ছাড়া অন্য কোথাও ব্যবহার করবে না।
অভিযাত্রী গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/127787254551736/?ref= share&mibextid=NSMWBT
