আপনি কি ফ্রেশার? চাকরি খুঁজছেন? কোথায় খুঁজছেন? কীভাবে খুঁজছেন?
আপনার কি চাকরির অভিজ্ঞতা আছে? নতুন চাকরি খুঁজছেন?
বহু চাকরিতে আবেদন করছেন, কিন্তু কল পাচ্ছেন না?
সব চাকরি সব জায়গায় পাওয়া যায় না। আপনাকে সঠিক জায়গায় চোখ রাখতে হবে। অনেক সময় আপনার চাহিদামতো চাকরির ওপেনিং থাকে না। তখন কীভাবে চাকরির আবেদন করবেন তা না জানলে মনের মতো চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে। আপনি ক্যারিয়ারে পিছিয়ে যাবেন।
চাকরি খোঁজা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে না, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। আসুন একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি কীভাবে চাকরি খুঁজলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
নিজের জন্য চাকরি খোঁজার আগে আপনার গ্র্যাজুয়েশনের ধরন অনুযায়ী নির্বাচন করুন আপনি কোন ফাংশনে কাজ করবেন, যেমন সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এইচআর, কমার্শিয়াল, সাপ্লাইচেইন, মার্চেন্ডাইজিং, সিআরএম, অ্যাডমিন, ফ্যাক্টরি অপারেশন, বিজনেস ডেভেলপমেন্ট প্রভৃতি।
তারপর নির্বাচন করুন আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, যেমন আরএমজি, এফএমসিজি, টেলিকমিউনিকেশন, সার্ভিস, ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন, ব্যাংকিং, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, ফার্মাসিউটিক্যালস প্রভৃতি।
এরপর নির্বাচন করুন আপনি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করবেন, যেমন মাল্টিন্যাশনাল, লোকাল, এনজিও, আইএনজিও, বায়িং হাউজ প্রভৃতি।
নির্বাচন করুন কোন সাইজের প্রতিষ্ঠানে কাজ করবেন, যেমন জায়ান্ট এমএনসি/লোকাল, মিডিয়াম এমএনসি/লোকাল, স্মল লোকাল ইত্যাদি। এরপর সেই টাইপের প্রতিষ্ঠান অনুযায়ী কমপক্ষে ১০-১৫টি কোম্পানির নাম সিলেক্ট করুন।
এরপর সেই অনুযায়ী ওয়েবসাইট দেখে চাকরির অ্যাপ্লাই শুরু করুন তাদের ক্যারিয়ার পেজে, অফিসিয়াল ইমেইলে অথবা জব ওপেনিং দেখে। ওইসব প্রতিষ্ঠানে সিনিয়র পজিশনে কে আছে তা লিংকডইনে বা কারও মাধ্যমে খুঁজে বের করে কানেক্ট করুন, নিয়মিত যোগাযোগ রাখুন এবং কিছুদিন পর তার প্রতিষ্ঠানে কাজের আগ্রহ ও যোগ্যতা আছে তা জানান।
প্রফেশনাল কি (শবু) পিপলদের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করুন ও আপনার সেলিং পয়েন্ট তুলে ধরুন। শুধু আপনার প্রফেশনাল সিনিয়রদের না, বরং জুনিয়রদেরও বলে রাখুন যে, আপনি চাকরি খুঁজছেন।
জবে অ্যাপ্লাই করার আগে ও পরে, আপনি যে উক্ত জবে অ্যাপ্লাই করেছেন বা করবেন তা কন্সারনড পারসনকে খুঁজে বের করে তাকে জানানোর চেষ্টা করুন। এভাবে ইন্টারভিউয়ে কল পাওয়া নিশ্চিত করুন।
আবেদনের কিছুদিন পর বিনয়ের সঙ্গে ইমেইল করে আবেদনের আপডেট জানতে চাইতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় (যেমন ১ ঘণ্টা) শুধু চাকরির খোঁজ ও আবেদনের জন্য বরাদ্দ রাখুন। আশা করা যায়, এখানে যেভাবে চাকরি খোঁজার বিস্তারিত বলা হলো সেভাবে চাকরি খুঁজলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে।
লেখক : সিনিয়র এইচআর প্রফেশনাল ও প্রশিক্ষক
