টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ ষাঁড় গরু জবাই করা এবং অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগি রেখে দুর্গন্ধ ছড়ানোর অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় এলেঙ্গা পৌর এলাকার কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
তিনি জানান,জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এভাবে অসুস্থ পশু ও মুরগির বর্জ্য ফেলে ও জনবহুল বাজারে চামড়ার গোডাউনের কারণে পরিবেশ দূষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বাজারের পরিবেশ বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারের একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসুস্থ ও রোগাক্রান্ত গরু কেটে আসছিল। একই সঙ্গে বাজারের ভেতরেই গড়ে তোলা হয়েছে চামড়ার গোডাউন। পোল্ট্রি মুরগির বর্জ্য এবং চামড়ার গোডাউনের সম্মিলিত পচনশীল আবর্জনার কারণে পুরো বাজার ও আশেপাশের এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
