কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সাতিসানের শপথ

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:১১ এএম

ভারতে দীর্ঘ এক দশক পর কেরালা রাজ্যে আবারও ক্ষমতায় ফিরল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। গতকাল সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতা, জোটের শরিক দলগুলোর প্রতিনিধি এবং হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতিসানের সঙ্গে তার পুরো মন্ত্রিসভাও একসঙ্গে শপথ নিয়েছে। কেরালার ইতিহাসে দীর্ঘ প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম মুখ্যমন্ত্রী ও তার পুরো মন্ত্রিসভা একসঙ্গে শপথ নিল।

২০২৬ সালের কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে ৬৩টি আসন লাভ করেছে। অন্যদিকে ১৪০ আসনের বিধানসভায় সাতিসানের নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেয়েছে ১০২টি আসন। এই জয়ের মধ্য দিয়ে কেরালায় সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) ১০ বছরের শাসনের অবসান ঘটল। গত পাঁচ বছর ধরে বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকা সাতিসানকে কেরালায় তৃণমূল স্তরে কংগ্রেসকে পুনর্গঠন করার প্রধান কারিগর হিসেবে বিবেচনা করা হয়। ২১ সদস্যের এই ইউডিএফ সরকারে আছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রমেশ চেনিথালা, কে মুরালিধরণ এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান সানি জোসেফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত