কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৪৬ এএম

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে কেন্দ্রীয় কারাগারের বাইরে আন্দোলন করেছেন পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেন।  ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক ঘণ্টা যানজটের সৃষ্ট হয়।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে ইচ্ছাকৃতভাবেই বাতিল করা হয়েছে। স্বজনপ্রীতির মাধ্যমে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন তারা।

বরিশাল বিভাগ থেকে মাইদুর নামে এক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সার্কুলারে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি উল্লেখ করা ছিল। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি হওয়া সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে।  সব পরীক্ষায় টিকেছি, ২০টা পুশআপ দিতে বলেছে, দিয়েছি; কিন্তু তারপরও বাদ দিয়েছে। আরও ৪-৫ জনের সঙ্গেও এমন করা হয়েছে।’

আরেক শিক্ষার্থী বলেন, আমি কিছু দিন আগে সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় অংশ নিয়েছি, কোনো পরীক্ষায় বাদ দেয়নি। এখানেও কোনো ঘাটতি নেই, পরে উচ্চতা কম দেখিয়ে বাদ দিয়েছে। আমার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি যোগ্যতা থাকা সত্ত্বেও তারা স্বজনপ্রীতি করে আমাদের বাদ দিয়েছে।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সকাল থেকে কেন্দ্রীয় কারা ফটকের সামনে ভুয়া ভুয়া সেøাগান দিয়ে আন্দোলন করতে থাকে। আন্দোলন চলাকালে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক ঘণ্টার জন্য দীর্ঘ যানজট তৈরি হয়। পরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন)  মো. জান্নাত-উল ফরহাদ অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সব নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত