চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। খুলশী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় নাগরিক। কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ। ওই কর্মকর্তা অফিসের দোতলায় একটি কক্ষে থাকতেন। সেই কক্ষের ভেতর ফ্লোরে পড়ে থাকাবস্থায় লাশটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। শরীরে আঘাত বা জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।
