প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।’ তিনি বলেছেন, র্যাব বা ভিন্ন নামে একটি এলিট ফোর্স থাকবে এবং এ সংক্রান্ত একটি আইন থাকবে।
সরকারের কর্মকা- তুলে ধরতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন জাহেদ উর রহমান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র্যাবের জন্য নতুন একটি আইন হবে। তিনি আরও বলেন, ‘র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এই ধরনের বিকল্প গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এই আইন করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।’
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘একটি এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।’
