ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৫১ এএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। তাই দেশব্যাপী এই বাহিনীর সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্র্নিমাণের কাজ চলছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলমান। এ ছাড়া ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন পেয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী এবং মাল্টিপারপাস ট্রেনিং রাউন্ড পাসিং প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে সবার আগে ঝুঁকি নিয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা, জনবল বাড়ানো এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরও আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এদিন প্রশিক্ষণ শেষে আড়াই শতাধিক নতুন সদস্য বাহিনীতে যোগ দেন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব দেখানো ৯ জনের হাতে পদক তুলে দেন মন্ত্রী। এ ছাড়া বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ সদস্যকে পদক দেওয়া হয়। গত তিন বছরে বিভিন্ন অবদানের জন্য আরও ১৩৮ জন সদস্যকে পদক দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত