প্রস্তুত হাট আসছে গরু

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৫২ এএম

কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোর প্রস্তুতিও প্রায় শেষ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে গরু আসা শুরু হয়েছে। যানজটসহ বাড়তি ঝামেলা এড়াতে অনেক ব্যাপারী আগেভাগেই এসে হাটে জায়গা করে নিয়েছে। কিছু লোক গরু দেখার জন্য হাটে এলেও এখনো কেনাবেচা শুরু হয়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন হাটে গরু উঠতে দেখা গেছে। আবার ট্রাকে করেও হাটগুলোতে গরু নিয়ে যেতে দেখা গেছে। তবে ব্যাপারী ও ইজারাদাররা বলছেন, অল্প পরিমাণে যে গরু উঠেছে, বিক্রির জন্য রাখা হয়নি।

এদিকে, হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে ইজারাদারদের নিয়ে বৈঠক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বৈঠকে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা এবং যানজটের বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইজারাদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সুষ্ঠুভাবে কোরবানির পশু বেচাকেনার জন্য নানা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তেজগাঁও পলিটেকনিক্যাল খেলার মাঠসহ আশপাশের খালি জায়গায় কোরবানির পশু বাঁধার জন্য বাঁশের খুঁটি প্রস্তুত করা হয়েছে। হাসিল ঘরসহ ব্যাপারীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন ব্যাপারী গরু নিয়ে এসেছেন।

কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত কোরবানির পশুর অস্থায়ী হাটেও গরু দেখা গেছে। সড়কের দক্ষিণ পার্শ্বে গরু বিক্রির জন্য বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। খামারিদের গরুর যত্ন নিতে দেখা যায়। কেউ খড়, ভুসি খাওয়াচ্ছেন। আবার অনেকেই গা মুছে গরুর যতœ নিচ্ছেন।

আলাপকালে হাটটির ইজারাদার মো. শামীম খান দেশ রূপান্তরকে বলেন, ক্রেতা-বিক্রেতার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করেছি। আশা করছি হাটের ব্যবস্থাপনায় সবাই খুশি হবে। যানজট এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে পুলিশসহ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা ভালো একটি ঈদ করতে কাজ করে যাচ্ছি। এই হাটে বিশ হাজারের বেশি গরু বিক্রি হওয়ার আশা করছেন এ ইজারাদার।

তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠে কথা হয় ঝিনাইদহের ব্যবসায়ী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, রবিবার রাতে মাঝারি সাইজের আটটি গরু নিয়ে এই হাটে এসেছি। শেষদিকে জ্যাম হয়, গাড়ি পাওয়া যায় না এজন্য একটু আগে এসেছি। এখন গরুগুলোকে খাওয়ানো যাবে। যত্ন নেওয়া যাবে।

অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলা থেকে ফেরিঘাট দিয়ে কোরবানির পশুবাহী ট্রাক ঢাকায় আসা শুরু করেছে। গত সোমবার ও মঙ্গলবার থেকে পশুবাহী এসব ট্রাক ঢাকায় ঢুকছে। ট্রাকগুলো হাটে গরু নামিয়ে আবার পশু পরিবহনের জন্য চলে যাচ্ছে।

মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাটের ইজারাদার মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হাটের সব প্রস্তুতি সম্পন্ন। প্রশাসন অনুমতি দিলেই হাটে কোরবানির পশু চলে আসবে। ব্যাপারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের থাকা-খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তা ছাড়া ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নানা তৎপরতা চালানো হচ্ছে।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠসংলগ্ন কোরবানি পশুর হাটের ইজারাদার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আমরা রবিবার ওয়ার্ক অর্ডার পেয়েছি। নির্দিষ্ট সময়ে হাটের প্রস্তুতি শুরু করব। ব্যাপারীরা অপেক্ষায় আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত