আর্থিক অনিশ্চয়তায় হুমকিতে মেয়েদের সাফ মিশন!

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৪১ এএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক আগে আর্থিক অনিশ্চয়তা ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে সফল প্রস্ত্রতি ক্যাম্প শেষে আত্মবিশ্বাস নিয়ে ভারতে পৌঁছালেও, বাফুফের সাম্প্রতিক এক সিদ্ধান্তে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, সরকারি ‘ক্রীড়া ভাতা’ সুবিধাভোগী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে খেলেন- এমন ফুটবলারদের জাতীয় দলের সম্মানী কমিয়ে দেওয়া বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি অর্থবছরে সরকার দুই ধাপে ৩০০জন ফুটবলারকে ক্রীড়া কার্ড দিয়েছে। বর্তমান সাফ স্কোয়াডের ১৮ জন সদস্য এই সুবিধার আওতায় রয়েছেন। এর মাধ্যমে তারা মাসিক এক লাখ টাকা ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

তবে খেলোয়াড়দের অভিযোগ, সরকারি ভাতা কিংবা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের সামান্য বেতনকে কারণ দেখিয়ে জাতীয় দলের প্রাপ্য আর্থিক সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে। এতে অনেক খেলোয়াড়ই হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। দলের একাধিক সূত্র দাবি করেছে, কিছু খেলোয়াড় খুবই কম পরিমাণ সম্মানী পেয়েছেন, যা নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি আরও বিষাক্ত করে তুলেছে বাফুফের কোচিং স্টাফদের মধ্যকার বেতন বৈষম্য। দলের বিদেশি কোচিং স্টাফরা নিয়মিত ও সময়মতো বেতন পেলেও, দেশি কোচ ও সহকারী স্টাফদের বেতন দিতে দীর্ঘ বিলম্ব করা হচ্ছে এবং নানা অজুহাত দেখানো হচ্ছে। এই অসমান আচরণ পর্দার আড়ালের পরিবেশকে আরও হতাশাজনক করে তুলেছে, যা শিরোপা ধরে রাখার প্রধান হাতিয়ার 'দলের ঐক্য'কে নষ্ট করছে।

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের উত্থান প্রশংসিত হয়েছে। টানা তৃতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছে মেয়েরা। কিন্তু টুর্নামেন্টের আগে সৃষ্ট এই আর্থিক ও প্রশাসনিক অস্থিরতা দলের প্রস্তুতি ও মনোবলে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত