সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছেছে। সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে নতুন পে স্কেলের গেজেট জারি হতে পারে। গেজেট প্রকাশের তারিখ যা-ই হোক না কেন, নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ধরা হবে ১ জুলাই ২০২৬ থেকে।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি বেতন কমিশনের করা সুপারিশগুলো খতিয়ে দেখছে। কারিগরি বিষয়গুলো পর্যালোচনার জন্য সচিব কমিটি আরও সময় নেবে।
এরপর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। ওই বৈঠকেই পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা অনুমোদন পেতে পারে। মন্ত্রিসভার সবুজ সংকেত মেলার পর প্রস্তাবটি পাঠানো হবে আইনি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই জারি করা হবে আনুষ্ঠানিক গেজেট।
উল্লেখ্য, ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটের চাপ সামলাতে সরকার একটি বাস্তবসম্মত ও সংশোধিত খসড়া চূড়ান্ত করার কাজ করছে।