প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ দ্রুত বিচার নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্ট সচিবরা এতে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে রামিসা হত্যাকা-ের ঘটনায় মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় এ হত্যাকা-ের দ্রুত বিচারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে রাত ৯টার দিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি মিরপুরের পল্লবীতে শিশু রামিসার বাসায় যান। তিনি রামিসার পরিবারকে সান্ত¡নার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান,ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপির স্থানীয় নেতারা।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী রামিসার পরিবার ও রামিসার বড় বোনের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছেন।
জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় : জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ‘প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক এ চুক্তিসই হয়েছিল। সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া বৈঠকে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন এস্টাবলিস্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ : মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, গতকালের বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। জানানো হয়, এই সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
