সিইসি বললেন

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:৪৮ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ শেষে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘাতের চিত্র তুলে ধরে সিইসি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। আর আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত হন ১১৬ জন।

তিনি বলেন, এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের ভোটে অনেক কাজ, এখানে সবার সহযোগিতা আরও প্রয়োজন। দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে।

সিইসি বলেন, রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই, সুন্দরভাবে কনডাক্ট করতে চাই। সুষ্ঠু নির্বাচন করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন করতে পারব আমরা।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে ইসি আলোচনা করবে জানিয়ে সিইসি বলেন, ‘সবার সহযোগিতা চাই, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ভোটকে সামনে রেখে সচেতনতামূলক প্রচারণা করা হবে। অংশীজনের সঙ্গে কথা বলব। সবাইকে একত্র করার চেষ্টা করব যাতে করে সংঘাত এড়িয়ে সুন্দর একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারি, সে চেষ্টা করব। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট খুবই দরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি যোগ দিয়ে বলেছিলাম চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা ও সাহস আমার রয়েছে। সবার সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এ ইলেকশনটা ডেলিভার করেছি। আশা করি লোকাল গভর্নমেন্টেও আমরা পারব ইনশাল্লাহ।

ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ‘চেরি পিক’ বা বাছাই করে সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চলমান কর্মশালার প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে, তা চিহ্নিত করা হয়েছে। কারণ, একটি কমিশন দুটি জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন এসে নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চায় বর্তমান কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত