প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিউ ইয়র্ক যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর এ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে এটা হবে বিশ^ সংস্থাটির সদর দপ্তরে তার প্রথম সফর।
সরকারি একাধিক সূত্র জানায়, সাধারণ পরিষদের অধিবেশনের পাশে তিনি নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ আয়োজিত একটি আলোচনা সভা, কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে অংশ নিতে পারেন। এসব কর্মসূচি চূড়ান্ত হওয়া সাপেক্ষে তার আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তারেক রহমানের সফরসূচি নিয়ে এখনো কাজ চলছে এমনটি জানিয়ে সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষ করেই যতটা সম্ভব দ্রুত দেশে ফিরতে চান। তবে তার আগে তিনি প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি যেতে পারেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবার অধিবেশনে সভাপতিত্ব করবেন। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তার এ দায়িত্বগ্রহণের কথা রয়েছে। দায়িত্বগ্রহণের জন্য তিনি আগামী সেপ্টেম্বরের শুরুতে নিউইয়র্ক যাবেন।
