বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় তপন রায় (৪০) নামে আহত হয়েছেন আরেক রিকশাচালক।

শুক্রবার (২২ মে) বেলা ৩টার দিকে উত্তর বাড্ডা কামরুলের বিরিয়ানীর দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

হাসপাতালে নিহত জুয়েল মিয়ার শ্যালক আজিজুল মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। জুয়েলের বাবার নাম আব্দুল কাদির। বর্তমানে তারা গুলশান কালাচাঁদপুর এলাকায় থাকেন। জুয়েল পেশায় ব্যটারিচালিত রিকশা চালক। গত ৬ মাস আগে তার বোন সাজেদাকে বিয়ে করে জুয়েল।

আজিজুল আরও জানান, সকালে রিকশা নিয়ে বের হয় জুয়েল। আফতাবনগর এলাকায় ট্রাফিক সার্জেন্ট রিকশা ধরে মামলা দেয়। দুপুরে ডাম্পিং করা রিকশা থেকে ব্যাটারি খুলে আরেক রিকশায় করে কালাচাঁদপুর যাচ্ছিলেন তিনি। এ সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ছিটকে পরে জুয়েল ঘটনাস্থলে মারা যান।

এদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে আফতাবনগর থেকে রিকশা করে দুই যাত্রী গুলশান কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে জুয়েল ছিটকে পরে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান। আরেক যাত্রী তপন রায় (৪০) আহত হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত