বলিউডের নতুন রোমান্টিক ছবি ‘চাঁদ মেরা দিল’ মুক্তির আগেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত এই ছবির ট্রেলার এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পরিচালক বিবেক সোনি আধুনিক সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে ‘চাঁদ মেরা দিল’ নির্মাণ করেছেন আবেগঘন এই প্রেমের গল্প।
ছবির গল্পে দেখা যায়, হায়দরাবাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় আরাভ (লক্ষ্য)। সেখানে পরিচয় হয় সহপাঠী চাঁদনি ওরফে চাঁদের (অনন্যা পাণ্ডে) সঙ্গে। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে তারা। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলেও হঠাৎ করেই বদলে যেতে থাকে পরিস্থিতি। দুই পরিবারের হস্তক্ষেপ, ভুল বোঝাবুঝি এবং আরাভের একটি বড় ভুল তাদের সম্পর্ককে কঠিন সংকটে ফেলে দেয়। এরপর কী ঘটে, তা নিয়েই এগিয়েছে ছবির কাহিনী। পরিচালক বিবেক সোনি তার স্বকীয় ও স্টাইলিশ নির্মাণশৈলীতে গল্পটিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে কলেজ জীবনের কিছু দৃশ্য এবং আবেগঘন মুহূর্তগুলো দর্শকের মনে দাগ কাটবে। তবে ছবির পারিবারিক উপকাহিনি তুলনামূলক দুর্বল এবং কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ মনে হতে পারে। এ ছাড়া ছবির সমাপ্তি কিছুটা অনুমেয় হলেও তা দর্শককে তৃপ্তি দেবে বলেই ধারণা করা হচ্ছে। অভিনয়ে লক্ষ্য সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন। সংলাপ ছাড়াই শুধু অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশে তিনি প্রশংসার দাবিদার। অনন্যা পাণ্ডেও নিজেকে আগের চেয়ে অনেক পরিণত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। পার্শ্বচরিত্রে পরেশ পাহুজা, মনীশ চৌধুরী, ইরাবতী হারশে মায়াদেব ও চারু শঙ্কর ভালো অভিনয় করলেও চিত্রনাট্যের সীমাবদ্ধতায় তাদের চরিত্রগুলো পুরোপুরি বিকশিত হয়নি।
ছবির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। ‘চাঁদ মেরা দিল’ শিরোনামের গান ছাড়াও ‘খাসিয়ত’, ‘আইতবার’, ‘ফির আজনবি’ ও ‘তুমহি কো’ গানগুলো এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। হায়দরাবাদের মনোরম লোকেশন ও চমৎকার সিনেমাটোগ্রাফি ছবিটিকে আরও দৃষ্টিনন্দন করেছে।
সব মিলিয়ে, ‘চাঁদ মেরা দিল’ আধুনিক প্রেম, সম্পর্কের জটিলতা এবং তরুণ প্রজন্মের আবেগ ঘিরে নির্মিত একটি হৃদয়ছোঁয়া রোমান্টিক ছবি। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া পেলে বক্স অফিসেও ছবিটি ভালো অবস্থান তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
