যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেনি। প্রধান কোচ লিওনেল স্কালোনির সেই বহুল প্রতীক্ষিত চূড়ান্ত তালিকার অপেক্ষায় যখন ফুটবলবিশ্ব, তখনই দল গোছানোর এক অনন্য ও গোপন পদ্ধতির কথা ফাঁস করলেন তাঁর সহকারী কোচ রবার্তো আয়ালা।
জাতীয় দলের সাবেক এই তারকা ডিফেন্ডার, যিনি নিজে তিনটি বিশ্বকাপ (১৯৯৮, ২০০২, ২০০৬) খেলেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, আলবিসেলেস্তেদের চূড়ান্ত স্কোয়াডের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। তবে বাকি ২০ শতাংশ নিয়ে এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ।
দল নির্বাচনের মজার প্রক্রিয়াটি তুলে ধরে আয়ালা বলেন: "আমাদের বিভিন্ন জুম মিটিং ও ফোনে কথোপকথনের সময় স্কালোনি প্রায়ই জিজ্ঞেস করেন—'তোমরা কি তোমাদের তালিকা তৈরি করছ?' এরপর কোচিং স্টাফের সবাই (পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, মাতিয়াস মান্না) যার যার নিজস্ব পছন্দের ২৬ জনের তালিকা তৈরি করে গ্রুপে শেয়ার করি। সবার তালিকার মধ্যে পার্থক্য অবশ্য খুব সামান্যই হয়। হয়তো কোনো খেলোয়াড় কারও তালিকায় একটু ওপরে বা নিচে থাকে। এই প্রাথমিক তালিকাগুলো নিয়েই আমাদের মূল আলোচনা শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি সবসময় লিও (স্কালোনি) একাই নেন।"
হুয়ান ফয়েথের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ইনজুরির কারণে হারানোয় স্কোয়াড সাজানো কিছুটা কঠিন হয়ে পড়েছে বলে জানান আয়ালা। তিনি ব্যাখ্যা করেন, "আমাদের এমন খেলোয়াড় দরকার যারা বহুমুখী। যেমন একজন খেলোয়াড় একই সাথে সেন্ট্রাল-ব্যাক এবং ফুল-ব্যাক হিসেবে খেলতে পারেন কি না, তা আমরা দেখি। কারণ টুর্নামেন্ট চলাকালীন যেকোনো সময় কৌশল পরিবর্তন করে ব্যাক-থ্রি বা ব্যাক-ফাইভ ফর্মেশনে খেলতে হতে পারে।"
আয়ালা আরও নিশ্চিত করেছেন যে, কাতার বিশ্বকাপের মতো এবারও স্কালোনি খেলোয়াড়দের আগে থেকে কোনো আগাম বার্তা বা আভাস দেবেন না। ইতিমধ্যেই ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকেই চূড়ান্ত ছাঁটাইয়ের মাধ্যমে ২৬ জনের নাম ঘোষণা করা হবে। নিয়মিত মুখদের পাশাপাশি টমাস আরান্দার মতো নতুন কিছু চমকও এই তালিকায় জায়গা করে নিতে পারেন।
ইউরোপীয় ও আর্জেন্টাইন ফুটবলারদের মানসিকতার পার্থক্য টেনে 'এল রাঁতন' খ্যাত আয়ালা বলেন, "ইউরোপীয় ফুটবলাররা বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে নিজেদের কিছুটা বাঁচিয়ে খেলে, চোট এড়াতে সতর্ক থাকে। কিন্তু আমাদের আর্জেন্টাইনরা একদম নিঃস্বার্থ। মাঠে নেমে গেলে তারা চোট বা অন্য কিছুর পরোয়া করে না; তারা শুধু জিততে চায় এবং যেকোনো মূল্যে মাঠে থাকতে চায়।"
স্কালোনির ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।
রক্ষণভাগ: ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো ( লিওঁ), মার্কোস আকুনিয়া (রিভার প্লেট), লিওনার্দো বালের্দি (মার্শেই), ফাকুন্দো মেদিনা (মার্শেই), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), অগাস্টিন গিয়া (পালমেইরাস), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট-গিলয়েস), নিকোলাস কাপালদো (হামবুর্গ), জাইদ রোমেরো (হেতাফে), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং ক্লাব), হুলিও সুলের (বোর্নমাউথ), লাউতারো দি ললো (বোকা জুনিয়র্স)।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লেয়ান্দ্রো প্যারেডেস (বোকা জুনিয়র্স), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), ইজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), অ্যালান ভ্যারেলা (পোর্তো), নিকো পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাক্সিমো পেরোনে (কোমো), ভ্যালেন্টিন বার্কো (রেসিং স্ত্রাসবুর), নিকোলাস ডমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়র্স), টমাস আরান্দা (বোকা জুনিয়র্স)।
আক্রমণভাগ: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেজ (ইউভেন্তুস), মাতিয়াস সুলে (রোমা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), হুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), ভ্যালেন্টিন কাস্তেলিয়ানোস (লাৎসিও), ক্লদিও এচেভেরি (গ্রানাদা), ভ্যালেন্টিন কার্বোনি (জেনোয়া), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), মাতেও রেতেগুই (আটালান্টা)।
