বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ সামনে রেখে ‘পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন, মহাসড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার নদী ও খাল পুনরুদ্ধারে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। নদী বাংলাদেশের প্রাণ। নদী বাঁচলে দেশ বাঁচবে। তিনি নদী রক্ষায় গবেষক এবং সংগঠকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘নদী আমাদের মা। আমরা যদি আমাদের নদীগুলো রক্ষা করতে না পারি, তাহলে সুনাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে পারব না।’ তিনি নদী রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন।
স্বর্ণপদকপ্রাপ্ত শেখ রোকন সম্মাননা প্রাপ্তিতে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের শাসনব্যবস্থা ভালো না হওয়ায় নদীগুলো হারিয়ে যাচ্ছে। নদী রক্ষা পেলে সমাজ ও রাষ্ট্রও রক্ষা পাবে।’
পল্লীমা গ্রিনের চেয়ারম্যান আউয়াল কামরুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মু. হাফিজুর রহমান ময়না, বর্তমান সভাপতি আনিসুর রহমান লিটন, পল্লীমা গ্রিনের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল কিমু প্রমুখ।
উল্লেখ্য, পল্লীমা সংসদ পরিবেশ উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, নদীদূষণ রোধ, পলিথিন ব্যবহার বন্ধ, ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানো, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, শব্দ ও বায়ুদূষণ রোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
