১৩ বছর পর নেতৃত্ব নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ীরা

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:৫৯ এএম

দীর্ঘ ১৩ বছর পর চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চেম্বার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পরিচালক পদের সবকটিতেই ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন অর্ডিনারি গ্রুপ : কামাল মোস্তফা চৌধুরী (রাজা করপোরেশন), এ এস এম ইসমাইল খান (ফাল্গুনী ট্রেডার্স লিমিটেড), আবু হায়দার চৌধুরী (চুমকী অ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ আমজাদ হোসাইন চৌধুরী (রাইজিং গ্রুপ), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (ইস্টার্ন গ্রুপ), আসাদ ইফতেখার (টার্নিং পয়েন্ট), আমান উল্লাহ আল ছগির (ইনভেস্টর ফ্রেন্ডস সিন্ডিকেট), মো. গোলাম সরওয়ার (প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেড), মোহাম্মদ হাবিবুর রহমান (দি ফোর হুইলার্স), মো. শফিউল আলম (নিউ কর্ণফুলী ট্রেডিং), মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী (জে এস এন এন্টারপ্রাইজ লিমিটেড) ও শহিদুল আলম (স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেস)।

অ্যাসোসিয়েট গ্রুপ : মো. সেলিম নুর (জিকু এন্টারপ্রাইজ), মো. সেলিম নুর (জিকু এন্টারপ্রাইজ), মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (মার্ম মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশন), মো. নুরুল ইসলাম (স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ), সরোয়ার আলম খান (সাহির ট্রেড) ও মো. জাহিদুল হাসান (জার ট্রেড)।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চেম্বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) ভোটের ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ‘টাউন অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ থেকে ইউনাইটেড বিজনেস ফোরামের ছয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে চট্টগ্রাম চেম্বার নেতৃত্ব নির্বাচনে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজ সেলিমের নেতৃত্বাধীন প্যানেল মোট ২৪টি পরিচালক পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত