ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:০০ এএম

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এরই মধ্যে পশুতে পূর্ণ। সরকারি নিয়ম অনুযায়ী আজ শুরু হবে আনুষ্ঠানিক বেচাকেনা, যা চলবে ঈদের দিন পর্যন্ত।

ঈদ সামনে রেখে ২৭টি অস্থায়ী হাটের টেন্ডার দিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন।  তবে শেষ পর্যন্ত ২২টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১১টি করে অস্থায়ী হাট বসিয়েছে। এ ছাড়া ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট রয়েছে। এসব হাটে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার পাশাপাশি দেখা মিলছে মরুর দেশের প্রাণী উট ও দুম্বার। তবে ক্রেতারা হাটে এলেও বিক্রি হচ্ছে না পশু। বিক্রেতারা আশা করছেন, ঈদের এক দুই দিন আগে বিক্রি বাড়বে।

গতকাল দক্ষিণ সিটির খিলগাঁও গ্রিন বনশ্রী হাটে দেখা গেছে, তাঁবুর নিচে সারি সারি খুঁটিতে বাঁধা গরু। আগে আসা বিক্রেতারা ব্যস্ত পশু দেখাশোনায়। কেউ আবার হাটে প্রথম দিন এসেছেন, পশুর জন্য তাবু ও খুঁটি গাড়ছেন। তবে হাটে এখনো চিরচেনা কেনাবেচার চাপ তৈরি হয়নি।

নারায়ণগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন সাইফ হাসান। এক পাশে গরু বেঁধে শ্রমিকদের তাঁবু তৈরিতে সাহায্য করছেন তিনি। দেশ রূপান্তরকে সাইফ বলেন, ‘কিছু গরু আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সকালে হাটে এসেছি। বাকি গরুগুলো এখনো পথে আছে।’

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ১৭টি গরু নিয়ে এসেছেন মোহাম্মদ ফজল আলী। তার সঙ্গে রয়েছেন আরও চার-পাঁচজন। ট্রাক থেকে গরু নামিয়ে খুঁটিতে বেঁধে খড় খাওয়াচ্ছিলেন তিনি। এর ফাঁকেই কথা হয় ফজল আলীর সঙ্গে। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘গরুগুলো একটু আগেই আনলাম। পথে ঠিকমতো খেতে পারেনি, এখন খাওয়াচ্ছি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘এ বছর ১৭টা গরু আনতে ৩০ হাজার টাকা ভাড়া দিতে হয়েছে। গত বছর ২০টা গরু ২৪ হাজারে আমুলিয়া হাটে এনেছিলাম।’ একই অভিযোগ করেন বগুড়া থেকে আসা আবুল কাশেম। তিনি জানান, তিনজন মিলে ১৩টি গরু এনেছেন তারা। আগের তুলনায় ট্রাক ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি পড়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গত ২১ মে গরু নিয়ে এসেছেন মখদুম মিয়া। পাঁচজন মিলে ২৬টি গরু এনেছেন হাটে। এর মধ্যে একটি গরু ১ লাখ ৫৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাকিগুলো বিক্রির অপেক্ষায়। মখদুম মিয়া বলেন, ‘হাটে ক্রেতা কম। কাল পরশু আশা করি অর্ধেক বিক্রি হয়ে যাবে।’

হাটে গরু দেখতে এসেছেন বনশ্রী এলাকার ইকবাল হোসেন। গরুর হাট ঘুরে দেখার পর তিনি বলেন, ‘আগে মেরাদিয়া থেকে গরু কিনতাম, এখন এটাই কাছের হাট। তবে এবার বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। নতুন নতুন আরও গরু আসছে দেখলাম। কাল পরশুর দিকে কেনার ইচ্ছা। তখন দামও আরেকটু কমবে মনে হচ্ছে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল বুথ : হাটে পশুর স্বাস্থ্যসেবায় বসেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল বুথ। ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত পশুদের জন্য থাকবে বিনামূল্যে চিকিৎসাসেবা। এর পাশাপাশি প্রাথমিক কিছু ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে গরু বিক্রেতাদের। মেডিকেল টিমের চিকিৎসক রাশেদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে পশুদের চিকিৎসা দেওয়ার জন্য হাটে এসেছি। দূরদূরান্ত থেকে পশু আনার সময় অনেক ক্ষেত্রে আঘাত লাগে, বৃষ্টিতে ভিজলে জ¦র আসে। এসব টুকটাক সমস্যা ছাড়া পশুদের বড় কোনো সমস্যা এখন পর্যন্ত দেখিনি। ঢাকা সিটির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম কাজ করছে।

টাকা লেনদেনের সুবিধায় হাটে বসানো হচ্ছে এনসিসি ব্যাংকের সিআরএম ও এটিএম মেশিন। ব্যাংকের গ্রাহকরা প্রতি লেনদেনে ৩০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অন্য ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। ব্যাংকটির মতিঝিল শাখার কর্মকর্তা ওমর শাহাদাত দেশ রূপান্তরকে বলেন, ‘এখনো মেশিন বসানোর কাজ চলছে। চালু হলে গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।’

এদিকে, দোলাইখাল অস্থায়ী পশুর হাটের নির্ধারিত জায়াগা কোরবানির পশুতে পূর্ণ হয়ে গেছে। নারিন্দা থেকে শ্যামবাজার পর্যন্ত পুরো রাস্তাজুুড়ে গরুর হাট। হাটে ব্যাপারীরা সময়মতো এলেও মানুুষের গরু কেনার ধুম এখনো পড়েনি। হাটে কথা হয় ফরিদপুর থেকে আটটি গরু নিয়ে আসা সুজন ব্যাপারী বলেন, ‘গরুগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে আগামী বছরের জন্য আবার ছয়টি গরু কিনব। বাকি টাকা মেয়ের বিয়ের সময় খরচ করা লাগবে।  লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা গরুর হাট দেখতে আসা ফাহিম জানান, এখনো গরুর দাম বোঝা যাচ্ছে না। কেননা ক্রেতার তুলনায় গরু বেশি। আজ দেখতে আসছি পছন্দ হলে নিয়ে যাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত