রামপুরায় কবিরাজকে হত্যা, আটক ২

আপডেট : ২৪ মে ২০২৬, ০১:৩০ পিএম

রাজধানীর পূর্ব রামপুরার এক বাসায় চপল মিত্র (৩৯) নামে এক কবিরাজকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার দুই রোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পূর্ব রামপুরা ৮৯/১/৩ বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান উল্লেখ করেন, চপল মিত্রের বাবার নাম মৃত নির্মল মিত্র। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। পেশায় তিনি কবিরাজ।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নিহতের স্বজনরা এ্যাম্বুলেন্সে করে মরদেহ থানায় নিয়ে যান। এরপর সেখানেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার ডান কাধে কালো দাগ, বাম কানের পিছনে ফুলা চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রবিবার (২৪ মে) ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও উল্লেখ করেন, চপল মিত্র পূর্ব রামপুরায় তার পুর্ব পরিচিত মো. সিজার ও সানজিদা শোভার ভাড়া বাসায় সাক্ষাতের জন্য যান। তাদের তিনি কবিরাজি চিকিৎসা করতেন। পরে সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হলে তাদের আঘাতে আহত হন চপল। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে তাকে জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিজার ও সানজিদা শোভা নিজেদের স্বামী স্ত্রী দাবি করলেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মৃতের স্ত্রী হিরা মিত্র জানান, তারা থাকেন মিরপুর-২ মনিপুর এলাকায়। তার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে কারা কেন হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত