দক্ষিণ ভারতে চলতি গ্রীষ্মে তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রবিবার (২৪ মে) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তীব্র গরমের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে হিটস্ট্রোকজনিত মৃত্যুর ঘটনা বাড়ছে বলে সতর্ক করা হয়েছে।
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের রাজস্বমন্ত্রী পংগুলেতি শ্রীনিবাস রেড্ডি জনগণের নিরাপত্তার জন্য 'সারাদেশে সতর্কতা' জারির আহ্বান জানিয়েছেন।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তাপমাত্রার তীব্রতা অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে এবং স্থানীয় প্রশাসনকে আগেভাগে সতর্কবার্তা জারি করে গরমে কীভাবে সুরক্ষা নিতে হবে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তেলেঙ্গানা সরকার প্রবীণ, শিশু এবং গর্ভবতী নারীদের দিনে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, চলতি মৌসুমে দেশের বিভিন্ন অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে।
রাজধানী নয়াদিল্লী সহ বিভিন্ন শহরে তাপমাত্রা এক সপ্তাহের বেশি সময় ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে, যার ফলে বিদ্যুৎ ব্যবহারের চাপও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ভারত ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা শিল্পোন্নত পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রায় দুই দশক পরে।
২০১৬ সালে রাজস্থানের ফালোদিতে ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
