ফোক গানের সময়ের ব্যস্ত গায়িকা রোজিনা আক্তার এবার ঈদে আরও একটি নতুন মৌলিক গান উপহার দিচ্ছেন। ‘বড় মায়া লাগে বন্ধুরে’ শিরোনামের এই গানটি প্রকাশ পাবে ঈদের দ্বিতীয় দিন সুরের আলো বিডি (ঝঁৎবৎ অষড় ইফ) ইউটিউব চ্যানেলে। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন এস কে শানু। সংগীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। রেকর্ডিং শেষে এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে বিভিন্ন মনোরম লোকেশনে। এস আই শফিক ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন শিমুল হাসান ও তানহা। এর সঙ্গে জড়িত সবাই গানের কথা, সুর ও সংগীতের পাশাপাশি রোজিনার গায়কির প্রশংসা করেছেন।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, সত্যি বলতে গানটির কথা ও সুর আমার কাছে অসাধারণ ও ব্যতিক্রমী মনে হয়েছে। এর কথার মধ্যেই অন্য ধরনের এক মায়া রয়েছে। সুর ও সংগীতও আমার বেশ মনে ধরেছে। আমি চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে কণ্ঠ দেওয়ার। আমার বিশ্বাস আমার গাওয়া নতুন এই গানটি এবারের ঈদে সব ধরনের শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। কারণ ভালো গানে যা যা থাকা দরকার, তার সবকিছুই এখানে রয়েছে।
