ঈদে ডিএমপির ১৪ নির্দেশনা

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:১১ এএম

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানর পুলিশ (ডিএমপি)। দূরপাল্লার গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে ঈদে সড়ক দুর্ঘটনা ও যানজট এড়াতে বাস চালক ও মালিকদের জন্য বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বাস নির্ধারিত শিডিউল মেনে টার্মিনাল ছাড়তে হবে। কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং সিটের অতিরিক্ত, বাসের ছাদে কোনো যাত্রী বহন করা যাবে না। বিশেষ করে, কোরবানির পশু নামিয়ে দিয়ে ফিরতি পথে ট্রাকে বা পণ্যবাহী কোনো যানবাহনে যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

চালকদের সুরক্ষায় ডিএমপি জানিয়েছে, মালিক পক্ষ কোনো চালককে একটানা ৫ ঘণ্টা এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করতে পারবেন না। চালক নিয়োগের আগে অবশ্যই লাইসেন্স যাচাই করতে হবে। এ ছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো, উল্টো পথে গাড়ি চালানো, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার এবং উচ্চৈঃস্বরে গান বাজানো যাবে না।

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যত্রতত্র রাস্তা থেকে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। উৎসবের এই সময়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য বিশেষভাবে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি, দূরপাল্লার যাত্রীদের ভ্রমণের নির্ধারিত সময়ের আগেই কাউন্টারে উপস্থিত হতে হবে এবং নিজেদের মালামাল নিজ দায়িত্বে ও সাবধানে রাখতে বলা হয়েছে। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্যবাহী গাড়িতে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

রাস্তায় চলাচলকারী পথচারীদের দুর্ঘটনা এড়াতে সবসময় ফুটপাত ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় কোনোভাবেই তাড়াহুড়ো করে দৌড়ানো বা মোবাইলে কথা বলা যাবে না। জীবনের ঝুঁকি না নিয়ে পথচারীদের বাধ্যতামূলকভাবে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস কিংবা জেব্রাক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ঈদ যাত্রায় ঢাকা ছাড়ার সময় টার্মিনালে কোনো ধরনের সমস্যা বা হয়রানির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত