দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
দেশবাসীকে সতর্ক করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী শক্তি বিদেশে অবস্থান এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিবৃতিতে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন তিনি।
