ফ্রান্সে উদীচীর বৈশাখী আয়োজন

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ফ্রান্সের উবারভিলিয়েতে বাংলা নববর্ষ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সংস্কৃতিপ্রেমী মানুষ। আনন্দ-উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে বের করা হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। পরে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উবারভিলিয়ে মেরীর প্রথম সহকারী মেয়র নাবিলা জেব্বারি।

বক্তব্য দেন দ্বিতীয় সহকারী মেয়র গিয়োম লেস্কা, তৃতীয় সহকারী মেয়র উইলফিল্ড, মিউজিক দ্যু মন্ডের পরিচালক কামেল দাফ্রি এবং ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক কার্লোস সামেদু।

বক্তারা বাংলা সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক চর্চায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ফ্রান্সে বসবাসরত নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদারের পরিচালনায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জাদুশিল্পী জাহাঙ্গীর হোসাইনের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উদীচী পরিচালিত বাংলা স্কুলের শিক্ষার্থীরা গান, নৃত্য ও শ্রুতি নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি উদীচীর শিল্পীরাও পরিবেশন করেন বাংলা লোকজ ও দেশাত্মবোধক গান। সঙ্গীত পরিচালনায় ছিলেন রোজী মজুমদার এবং নৃত্য পরিচালনায় জি এম শরিফুল ইসলাম।

দিনব্যাপী এই বৈশাখী মেলার শেষ আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর শিল্পী রাহুল আনন্দ এর প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা। তার গানে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত