কোরবানির ঈদ মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা ত্যাগ, আনুগত্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। বাংলাদেশের মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করার চেষ্টা করে। তবে এর তাৎপর্য কেবল ধর্মীয় অনুভূতিতে সীমাবদ্ধ নয়; এটি একটি বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোরবানি ঈদকে ঘিরে এক বিস্তৃত ও বহুস্তরবিশিষ্ট সাপ্লাই চেইন (Supply Chain) গড়ে ওঠে যা উৎপাদন, পরিবহন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ এবং ভোগ, প্রতিটি ধাপে অর্থনীতিকে সক্রিয় করে তোলে। সাপ্লাই চেইনের শেকড় পাওয়া যায় প্রাচীন সভ্যতায়, যেমন মেসোপটেমিয়া, মিসর, ভারত ও চীনে। সেই সময় মানুষ কৃষি উৎপাদনের পর, উদ্বৃত্ত পণ্য বিনিময়ের মাধ্যমে অন্য অঞ্চলে সরবরাহ করত। এই বিনিময় ব্যবস্থা ছিল খুবই প্রাথমিক। কিন্তু এটি ছিল সাপ্লাই চেইনের প্রথম রূপ। নীল নদের তীরবর্তী মিসরীয় সভ্যতায় শস্য উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণের জন্য সুসংগঠিত ব্যবস্থা ছিল।
মধ্যযুগে সিল্ক রোড (ঝরষশ জড়ধফ) ছিল সাপ্লাই চেইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। এই পথে রেশম, মসলা, ধাতু ও অন্যান্য পণ্য পরিবহন হতো। এখানে প্রথমবারের মতো দীর্ঘ দূরত্বের লজিস্টিক, বাণিজ্যিক মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্ক তৈরি হয়। এই সময়েই ব্যবসায়ীরা বুঝতে শুরু করে, উৎপাদন ও ভোগ এক জায়গায় নয় বরং বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং তাদের মধ্যে একটি সংযোগব্যবস্থা প্রয়োজন। আধুনিক সাপ্লাই চেইনের প্রকৃত সূচনা ঘটে, ১৮ ও ১৯ শতকের শিল্প বিপ্লবের সময়। এই সময় কারখানাভিত্তিক উৎপাদন শুরু হয় এবং পণ্য দ্রুত ও বৃহৎ পরিসরে তৈরি হতে থাকে। রেলপথ, স্টিমশিপ এবং পরবর্তী সময়ে ট্রাক পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় পণ্য পরিবহন অনেক দ্রুত ও কার্যকর হয়। এই সময়েই প্রথমবারের মতো উৎপাদন, গুদামজাতকরণ এবং বিতরণ আলাদা ধাপে বিভক্ত হয়ে যায়। বর্তমানে সাপ্লাই চেইন বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। একটি পণ্যের কাঁচামাল এক দেশে উৎপাদিত হয়, অন্য দেশে তৈরি হয় এবং তৃতীয় দেশে বিক্রি হয়। এখন সাপ্লাই চেইন শুধু পরিবহন ব্যবস্থা নয়, বরং একটি কৌশলগত ব্যবস্থাপনা যেখানে প্রযুক্তি, অর্থনীতি, পরিবেশ এবং রাজনীতি, সবকিছু জড়িত। কোরবানির সাপ্লাই চেইনের সূচনা হয় উৎপাদন পর্যায় থেকে, যা মূলত গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের বিভিন্ন অঞ্চলে খামারিরা সারা বছর ধরে গবাদিপশু বিশেষ করে গরু, ছাগল ও ভেড়া লালন-পালন করে। এই উৎপাদন প্রক্রিয়ায় পশুখাদ্য, ওষুধ, শ্রম এবং প্রযুক্তির ব্যবহার ঘটে। ফলে কৃষি ও পশুপালন খাতের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক তৈরি হয়।
অনেক খামারি ব্যাংকঋণ বা ব্যক্তিগত সঞ্চয় থেকে বিনিয়োগ করে পশুপালন করেন এবং কোরবানির ঈদে সেই বিনিয়োগের বড় অংশ ফেরত পান। ফলে এই পর্যায়টি পুরো সাপ্লাই চেইনের ভিত্তি হিসেবে কাজ করে। সংগ্রহ ও পাইকারি বিপণন সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। খামার থেকে পশু সংগ্রহ করে পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চলের হাটে নিয়ে আসে। দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসে, যা একটি বড় বাজার ব্যবস্থায় রূপ নেয়। এখানে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয়। এই ধাপে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তারা উৎপাদক ও বাজারের মধ্যে সংযোগ স্থাপন করে। পরিবহন ও লজিস্টিক সাপ্লাই চেইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গ্রামাঞ্চল থেকে শহরে পশু পরিবহনের জন্য ট্রাক, পিকআপ, লরি, নৌযান ইত্যাদি ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক চালক, সহকারী ও শ্রমিক যুক্ত থাকে। ঈদের আগে এই খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা একদিকে কর্মসংস্থান বাড়ায়, অন্যদিকে যানজট ও অতিরিক্ত ভাড়ার মতো সমস্যা তৈরি করে। খুচরা বাজার বা চূড়ান্ত বিক্রয় পর্যায় হলো, সাপ্লাই চেইনের সবচেয়ে দৃশ্যমান অংশ। শহরের বিভিন্ন স্থানে বসা পশুর হাটে, ক্রেতারা সরাসরি পশু কেনেন। এই ধাপে বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে মূল্য নির্ধারণ হয়। এটি একটি প্রতিযোগিতামূলক বাজার, যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি লেনদেন ঘটে। এই পর্যায়ে বিপুল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করে। জবাই ও প্রক্রিয়াজাতকরণ ধাপ অর্থনৈতিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে। কোরবানির সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ উপ-উৎপাদন হলো চামড়া। পশুর চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণ ও ট্যানারিতে প্রক্রিয়াজাত করা হয়। এই চামড়া থেকে জুতা, ব্যাগ, বেল্টসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। ফলে এই খাত বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় উৎস হতে পারে। তবে সঠিক সংরক্ষণব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায়, এই খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম কোরবানির সাপ্লাই চেইনে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পশু কেনাবেচা বৃদ্ধি পাচ্ছে, যা বাজারকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তুলছে। এতে খামারিরা সরাসরি ক্রেতার সঙ্গে সংযুক্ত হতে পারছে এবং মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমে যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। পুরো সাপ্লাই চেইন একটি বিশাল কর্মসংস্থান ক্ষেত্র তৈরি করে। খামারি, পরিবহন শ্রমিক, কসাই, বাজার কর্মচারী, চামড়া ব্যবসায়ীসহ লক্ষাধিক মানুষ এই সময় অস্থায়ীভাবে কাজের সুযোগ পায়। এটি একটি মৌসুমি অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। সাপ্লাই চেইনের কার্যকারিতা বজায় রাখতে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি। যেমন অসংগঠিত বাজারব্যবস্থা, অতিরিক্ত মধ্যস্বত্বভোগী, পশুর স্বাস্থ্যঝুঁকি, পরিবহন সমস্যা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। ঈদের পর শহরের বিভিন্ন স্থানে পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ না হলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এছাড়া চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া এবং সংরক্ষণ ব্যবস্থার অভাবও একটি বড় সমস্যা। এই সমস্যাগুলোর সমাধানের জন্য একটি সমন্বিত ও আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। পরিকল্পিত পশুর হাট, উন্নত পরিবহন ব্যবস্থা, ডিজিটাল মার্কেটপ্লেস, চামড়া সংরক্ষণের আধুনিক প্রযুক্তি এবং খামারিদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
কোরবানির সাপ্লাই চেইন স্থানীয় ও জাতীয় অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপন করে। পরিবেশগত দিক থেকেও সাপ্লাই চেইনের প্রভাব রয়েছে। কোরবানির পর পশুর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হলে, শহরে দূষণ বৃদ্ধি পায়। তাই আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যুক্ত করা জরুরি। কোরবানির ঈদ একটি ধর্মীয় উৎসব হলেও, এর অর্থনৈতিক তাৎপর্য অত্যন্ত ব্যাপক। এটি একটি পূর্ণাঙ্গ সাপ্লাই চেইনের মাধ্যমে পরিচালিত হয়, যা দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী প্রবাহ সৃষ্টি করে। এই সাপ্লাই চেইনকে আরও কার্যকর করা গেলে, এই সিস্টেম অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।