বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। গতকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে চূড়ান্ত তালিকা প্রকাশে এটা দেখা গেছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের আগে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ৯ জন। এবার হলো ৮ জন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া ৮ জনের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে। আর বাকি ১ জন নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে।
চট্টগ্রাম বিভাগ থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু) শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলে যায় বাকিদের। ফলে এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী। নান্নুর জন্য পরিচালক হিসেবে বিসিবিতে এটিই প্রথম যাত্রা।
ক্যাটাগরি-১ থেকে বিনা ভোটে জয়ী ৭ পরিচালক: ঢাকা বিভাগ : সাইদ বিন জামান ও এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ: মির্জা ফয়সাল আমীন
অন্যদিকে, ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। বর্ষীয়ান এই সংগঠক এর আগেও ২০০৫ সালে এবং নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ক্যাটাগরি-১ থেকে বাকি ৩টি পদের বিপরীতে লড়বেন ৫ জন প্রার্থী। খুলনা বিভাগের ২ পদে প্রার্থী ৩- শফিকুল আলম (খুলনা), শান্তনু ইসলাম (যশোর) এবং মো. আব্দুছ সালাম (চুয়াডাঙ্গা)। বরিশাল বিভাগের ১ পদে ২ প্রার্থী- মো. মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও মো. মুনতাসির আলম চৌধুরী (ভোলা)।
এবারের নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় এবং মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ক্যাটাগরি-২ বা ঢাকা মেট্রোপলিটন ক্লাব ক্যাটাগরিতে। সর্বশেষ লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ১২টি পদের বিপরীতে ভোটের মাঠে থাকছেন ১৬ জন প্রার্থী-
ফাহিম সিন্হা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস), মোহাম্মাদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ইসরাফিল খসরু (এক্সিউম), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স), শানিয়ান তানিম নাভিন (মেরিনার ইয়াংস), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং) এবং অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট)।
এই প্রার্থীদের মধ্যে ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন ও ইয়াসির ফয়সাল আশিক (এনএসসি মনোনীত) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিগত পরিচালনা পর্ষদেও ছিলেন, তবে পরে তারা পদত্যাগ করেছিলেন।
আগামী ৭ জুন ভোটগ্রহণ শেষ হওয়ার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৮ জনসহ বাকি বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হবে।