ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

আপডেট : ২৬ মে ২০২৬, ০৪:০৯ পিএম

ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যদিও আগের লেনদেন সেশনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ কমে গিয়েছিল।

মঙ্গলবার (২৬ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪০ ডলার বা প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৭ দশমিক ৫৬ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৫ ডলারে। তবে শুক্রবারের তুলনায় ডব্লিউটিআইয়ের দাম এখনো প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কম রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালির কাছাকাছি বন্দর আব্বাস ও উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল সীমিত করে রেখেছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের রাজধানী দোহায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন। যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকের বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত