আলোচনায় সোলায়মান আকন্দের গান ‘মালিক রাব্বানা’

আপডেট : ২৯ মে ২০২৬, ১১:১৩ পিএম

গীতিকার হিসেবে ফের আলোচনায় সোলায়মান আকন্দ। সর্বশেষ চলতি ২০২৬ সালের ৮ মার্চ কামরুজ্জামান রাব্বীর কণ্ঠে প্রকাশ হয় মেধাবী গীতিকার সোলায়মান আকন্দের লেখা বিশেষ গান ‘মালিক রাব্বানা’। গানটির সঙ্গীত আয়োজন করেছেন শহিদ মাহমুদ। 

গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশের পর আলোচনায় আসে। এছাড়া এর আগে ২০২৪ সালে প্রকাশ হয় গীতিকার সোলায়মান আকন্দের লেখা এবং সুর করা আরেকটি গান ‘আমি পরাজিত নই’। ব্যতিক্রমী গানটি গেয়েছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী তমাল। গানটির সঙ্গীত আয়োজন করেছেন কলকাতার রূপক তিয়ারি।

গানটির ভিডিও একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। ব্যতিক্রমধর্মী কথামালার এই গানটি প্রকাশের পরপরই বেশ প্রশংসিত হয়। গানের কথা  এবং সুরের কারণে গীতিকার হিসেবে ফের আলোচনায় আসেন সোলায়মান আকন্দ। নতুন এই গানের মাধ্যমে শিল্পী হিসেবে প্রশংসা পান তমাল।

এছাড়া সোলায়মান আকন্দর লেখা শিল্পী কামরুজ্জামান রাব্বীর কণ্ঠে ২০২৪ সালে ‘দমের বাত্তি’ শিরোনামে আরও একটি গান প্রকাশ হয়। যেটিও প্রশংসা পায়।

এর আগে দেশের মাটিতে গত ২০১৪ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চলাকালে সোলায়মান আকন্দর লেখা ‘বাঘ আসছে বাঘ’ শিরোনামের একটি গানের ভিডিও গান তুমুল জনপ্রিয় হয়। কুমার বিশ্বজিতের কণ্ঠে গীত এই গানের মাধ্যমে গীতিকার হিসেবে আলোচনায় আসেন সোলায়মান আকন্দ।  এভাবেই একাধিক মৌলিক গান সৃষ্টি করে গীতিকার হিসেবে নিজের মেধার প্রমাণ দিয়েছেন তিনি।

অবশ্য গান রচনায় নিজ মেধার কারণে বাংলা গানে গীতিকবি হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন সোলায়মান আকন্দ। দীর্ঘদিন ধরে তিনি গান লিখে শ্রোতামহলে বিশেষ পরিচিতি পেয়েছেন। তার লেখা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হওয়ার পর বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সোলায়মান আকন্দের লেখা বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি হইলা সৃষ্টিকর্তা’, ‘ডুব, সুর্য আপন’,‘শাহীন মিক্সড’ এবং ‘সীমানা পেরিয়ে’ প্রভৃতি। বিশেষ করে তার লেখা গানগুলোতে সমাজ, প্রেম, মানবতা ও জীবনের নানা দিক ফুটে ওঠে। সহজ-সরল শব্দচয়ন ও হৃদয়স্পর্শী কথামালার জন্য শ্রোতারা তার গানকে বিশেষভাবে গ্রহণ করেছেন। 

গীতিকবিতার পাশাপাশি নাটক ও  সিনেমার গান রচনাতেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ২০১৮ সালে মুক্তিপাওয়া ‘আহত ফুলের গল্প’ নামের একটি সিনেমায় তার লেখা গান ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও বিভিন্ন নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওর জন্য তিনি নিয়মিত গান লিখে যাচ্ছেন সোলায়মান আকন্দ।

বর্তমানে নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও গান লিখছেন সোলায়মান আকন্দ। সেই প্রচেষ্টার অংশ হিসেবে শিল্পী তমালের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘আমি পরাজিত নই’। এছাড়া তার লেখা গান কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বীসহ দেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কারণ সংগীতপ্রেমী সোলায়মান আকন্দ বিশ্বাস করেন, ভালো গান, বিশেষ করে ভালো কথামালার গান মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। তাই তিনি এমন গান সৃষ্টি করতে চান, যা মানুষের মন ছুঁয়ে যাবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

গান, কবিতা লেখা ও সাহিত্যচর্চার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরো ভালো ভালো কথামালার গান, কবিতা, নাটক রচনার প্রত্যয় ব্যক্ত করেন মাটি ও মানুষের এই গীতিকবি। নিজ প্রচেষ্টা এবং মেধায় সোলায়মান আকন্দ এগিয়ে যাবেন তার অভিষ্ট লক্ষে। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য অনেক অনেক শুভকামনা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত