আজপবিত্র ঈদুল আজহার দিনে দেশের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ কৌতূহল রয়েছে। কোরবানি এবং ঈদের নামাজের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পারিবারিক আয়োজনের দিনে আবহাওয়া অনুকূলে থাকবে কি না, সে বিষয়ে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। ফলে বড় কোনো ভোগান্তি ছাড়াই ঈদের আনন্দ উদযাপন করা যাবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি দেশের সব জায়গায় একসঙ্গে হবে না। মূলত দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী বা খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ঈদের দিন কোথাও বৃষ্টি শুরু হলে তা বড়জোর ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর দ্রুতই আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজধানী ঢাকার ক্ষেত্রে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের এই বৃষ্টির সাথে কিছুটা দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর আশ্বস্ত করেছে যে, এই বৃষ্টিও খুব দ্রুত শেষ হয়ে যাবে। ফলে ঈদের নামাজ আদায় বা কোরবানির পশুজবেহ করার ক্ষেত্রে বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না।
ঈদের পরের দিন থেকে বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সময় খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা অন্যান্য অঞ্চলের তুলনায় কম থাকতে পারে।
আগামী ৩ বা ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হবে, তার বেশিরভাগই হবে স্বল্পস্থায়ী- যা সাধারণত ৩০-৪০ মিনিটের বেশি স্থায়ী হবে না। তবে ৪ জুনের পর থেকে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে এবং তখন দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পাশাপাশি গরমের পরিস্থিতি নিয়েও ভালো খবর দিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিনগুলোতে তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই। বাতাসে আর্দ্রতার কারণে কোথাও কোথাও কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে তা বর্তমান তাপমাত্রার কাছাকাছিই থাকবে। অর্থাৎ, ঈদের দিন তীব্র বা অতিরিক্ত তাপদাহের কোনো শঙ্কা নেই, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।