জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে আবেগঘন মোনাজাত

আপডেট : ২৮ মে ২০২৬, ১১:২২ এএম

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে এক আবেগঘন মোনাজাতে ‘মজলুম মুসলমানদের রক্ষা’ ও ‘জালিমদের বিচার’ চেয়ে অশ্রুসিক্ত ফরিয়াদ জানানো হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই জামাতে অংশ নেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও কবুলিয়ত কামনা করা হয়।

মোনাজাতে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, স্বাধীনভাবে ইবাদত পালনের সুযোগ এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করে বলা হয়, ‘ইয়া আল্লাহ, সব মজলুম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত করুন। জালিমরা যেন কারও ওপর জুলুম করতে না পারে, সেই ব্যবস্থা করে দিন।’ একই সঙ্গে পবিত্র কোরবানির শিক্ষা যেন সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারে এবং অসহায় ও কোরবানি দিতে না পারা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই তৌফিক কামনা করা হয়। পাশাপাশি দেশের সরকারকে ‘হিম্মত, নেক নিয়ত ও সৎ সাহস’ দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিতে ছিল কড়াকড়ি ব্যবস্থা। ঈদগাহ ময়দানে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়। এছাড়া পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় মাঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত