শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:১৯ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক ঘটনায় সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শাহাদাতবরণ করেন।

মহান স্বাধীনতার ঘোষক, অন্যতম সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অবিস্মরণীয়। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের নেপথ্যে দূরদর্শী স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।

শহীদ রাষ্ট্রপতির ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যা গত ২৫ মে থেকে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ ও দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি। আজ শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দিবসটি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার পাশাপাশি জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন। সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তার প্রবর্তিত দর্শন আজও দেশের রাজনীতিতে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত