নেত্রকোনার দুর্গাপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে পড়া প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার গহীন বনে অজগরটিকে অবমুক্ত করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মকর্তারা। এর আগে সকালে উপজেলার সদর ইউনিয়নের তিনালী এলাকায় স্থানীয় এক বাসিন্দার পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়ে অজগরটি। পরে খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করেন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দা শামসুল জাল থেকে মাছ সংগ্রহ করতে গেলে জালের ভেতর বড় কিছু দেখতে পান। বড় মাছ ভেবে পানি থেকে জাল তুলে ধরতেই ভেতরে বড় একটি সাপ দেখেন। পরে স্থানীয় আরেক বাসিন্দা আমির খান বিষয়টি স্বেচ্ছাসেবকদের জানালে স্বেচ্ছাসেবক সদস্যরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগকে সঙ্গে নিয়ে উপজেলার গহীন বনে অবমুক্ত করেন। বন বিভাগের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর ইউনিয়নের তিনালী এলাকায় একটি অজগর সাপ ধরা পড়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যরা অজগরটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছেন। পরবর্তীতে বন বিভাগ ও স্বেচ্ছাসেবক সদস্যদের সঙ্গে নিয়ে আমরা গহীন বনে অজগরটিকে অবমুক্ত করি। সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর হক সুমন বলেন, অজগর সাপটি লম্বায় প্রায় সাত ফুটের মতো এবং ওজন ৮ থেকে ৯ কেজির মতো। এটি একটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ।