ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোয় (ডিআরসি) ইবোলার দ্রুত বিস্তার ‘অত্যন্ত উদ্বেগজনক’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের বা এমএসএফ।
ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার দুই সপ্তাহের মাথায় এমএসএফের উপপরিচালক ড. অ্যালান গঞ্জালেজ জানিয়েছেন, এত দ্রুত ‘এত বেশি ঘটনা’ আগে কখনো রেকর্ড করেননি তারা।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ সফর করেন। সেখানে তিনি ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম তদারিক করেন। এ সময়ে ড. গঞ্জালেজ ওই মন্তব্য করেন।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ডিআর কঙ্গোতে এখন ইবোলা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে আর অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী উগান্ডায় নয়জন আক্রান্ত হয়েছে আর একজন মারা গেছে বলে নিশ্চিত করে জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে গঞ্জালেজ বলেন, ‘ইতুরি প্রদেশে ইবোলা রোগের প্রাদুর্ভাব ঘোষণার দুই সপ্তাহ পর পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। এর আগে কখনোই ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর এত দ্রুত এত আক্রান্তের ঘটনা রেকর্ড হয়নি।’
তিনি আরও বলেন, ‘এই প্রাদুর্ভাবের প্রকৃত ব্যাপ্তি ও তীব্রতা সম্পর্কে কারও কোনো ধারণা নেই। প্রতিদিন নতুন সন্দেহভাজন রোগীর খবর পাওয়া যাচ্ছে।’