ইরান সত্যিই আলোচনায় আগ্রহী, দাবি ট্রাম্পের

আপডেট : ০১ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সত্যিই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায় এবং এমন কোনো চুক্তি হলে তা ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে।

সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য আসে এমন এক সময়, যখন সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং এর জবাবে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

ট্রাম্প লিখেছেন, 'ইরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং এটি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য একটি ভালো চুক্তি হবে।' 

তবে তিনি অভিযোগ করেন, চলমান সংঘাত নিয়ে রাজনৈতিক মহলের নানা মন্তব্য ও চাপের কারণে তার জন্য আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।

ট্রাম্প বলেন, 'কেউ বলছে আমাকে দ্রুত এগোতে হবে, কেউ বলছে ধীরে চলতে হবে, কেউ যুদ্ধ করতে বলছে, কেউ আবার যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছে। এসব রাজনৈতিক মন্তব্যের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন ও আলোচনা চালানো অনেক কঠিন হয়ে যায়।' তিনি আরও বলেন, 'শুধু ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সমাধান হবে, সবসময়ই হয়েছে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত