বাসে নারীদের বিনামূল্যে ভ্রমণ

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৩১ এএম

ভারতের পশ্চিমবঙ্গে নারী যাত্রীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। গতকাল সোমবার থেকে রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থায় এ সুবিধা কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন এই ব্যবস্থার আওতায় এসি ও নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন নারী যাত্রীরা। বাসে ওঠার পর কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে তাদের ‘জিরো ভ্যালু টিকিট’ দেওয়া হবে। অর্থাৎ টিকিট ইস্যু করা হলেও এর জন্য কোনো ভাড়া পরিশোধ করতে হবে না।

পশ্চিমবঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল, তারা ক্ষমতায় গেলে নারীদের বিনামূল্যে সরকারি বাসযাত্রার সুবিধা দেওয়া হবে। প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করলো বিজেপি সরকার।

প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে এই সেবা দেওয়া হবে। আপাতত ১২ ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যেকোনো একটি পরিচয়পত্র সঙ্গে থাকলেই নারী যাত্রীরা বিনামূল্যে বাসযাত্রার সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে নারী যাত্রীদের জন্য পৃথক স্মার্ট কার্ড চালু করা হবে। তখন ওই কার্ড প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে যাতায়াতের সুবিধা গ্রহণ করা যাবে।

রাজ্যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর ফলে লাখ লাখ মহিলা যাত্রী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিত্যযাত্রীদের মাসিক যাতায়াত খরচ অনেকটাই কমবে। এদিকে সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালুর বিষয়টিকে ‘নারীশক্তির জয়’ হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত